শাহিন আলম হৃদয়:
স্টাফ রিপোর্টার

জামালপুর মাদারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
আটককৃত সাইফুল ইসলাম মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া ফকিরপাড়া এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৭ অক্টোবর (বুধবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাদারগঞ্জ উপজেলার পূর্ব তেঘরিয়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলামকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৬, তারিখ: ০৮/১০/২০২৬)।
আজ ৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে আটক সাইফুল ইসলামকে মাদারগঞ্জ মডেল থানা থেকে জামালপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনার আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।