ক্যাম্পাস হবে মেধা ও আদর্শের, শিক্ষকদের অমর্যাদা বরদাস্ত করা হবে না: হুইপ বকুল

সাইফুল্লাহ তারেক ,খুলনা প্রতিনিধি:

বিএল কলেজে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু || পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি সংসদে তোলার প্রতিশ্রুতি।

দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজলাল (বিএল) কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।একইসঙ্গে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষকদের মর্যাদার বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনব্যাপী ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ (খুলনা বিভাগ)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক আয়োজনে এবং বিএল কলেজের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষকদের মর্যাদার বিষয়ে অত্যন্ত কঠোর বার্তা দেন প্রধান অতিথি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ক্যাম্পাস হবে সবার। এখানে মেধা ও আদর্শের রাজনীতি থাকবে,ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবে, কিন্তু কোনো হানাহানি, সংঘাত বা বিভেদের স্থান এখানে হবে না। আর সবচেয়ে বড় কথা, শিক্ষকদের প্রতি কোনো ধরনের অবজ্ঞা বা অসম্মান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের অমর্যাদা করার দিন শেষ। রাস্তায় শিক্ষকদের দেখলে সম্মান দেখিয়ে পথ ছেড়ে দেওয়াই হলো একজন প্রকৃত শিক্ষার্থীর নৈতিকতা।

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে হুইপ বকুল আরও বলেন, বর্তমান বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ। এই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গতানুগতিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ সময় বিএল কলেজে প্রফেশনাল এমবিএ, বিবিএ, সিএসই, আইন (ল), হিউম্যান রিসোর্স এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের মতো যুগোপযোগী বিষয় চালুর উদ্যোগ নেওয়ায় জন্য তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ জানান।

কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার তাগিদ দিয়ে তিনি বলেন,বিএল কলেজের এক গৌরবোজ্জ্বল ক্রীড়া ঐতিহ্য রয়েছে। এখান থেকে একসময় জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় তৈরি হয়েছে।এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনে সেই সোনালি অতীত আবারও ফিরে আসবে। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহন সংকট নিরসন এবং হোস্টেল, ক্লাসরুম ও ল্যাবরেটরিসহ অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

তিন দিনব্যাপী এই ক্রীড়া উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা,সাধারণ শিক্ষার্থী এবং খুলনা বিভাগের বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *