বকশীগঞ্জে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ, জমি উদ্ধারে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মোস্তফা গাজী,বকশিগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। পৌর এলাকার গোয়ালগাঁওয়ে পিতার রেখে যাওয়া ১১ শতাংশ জমি উদ্ধার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আনোয়ারা বেগম ও তার পরিবার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনোয়ারা বেগমের ছেলে আশরাফুল ইসলাম অভিযোগ করেন, জমি দাবি করায় প্রতিপক্ষরা তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেখাচ্ছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

তবে অভিযুক্ত পক্ষ জানিয়েছে, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁওয়ের বাসিন্দা আনোয়ারা বেগম। পৈতৃক সূত্রে পাওয়া ১১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আপন বোন নূরেদা বেগম ও তার ছেলে কামরুল হাসান রতনের সাথে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পৈতৃক এই সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন তারা।
আশরাফুল ইসলাম বলেন,আমার নানার রেখে যাওয়া সম্পত্তি আমার খালা নূরেদা বেগম ও তার ছেলে কামরুল হাসান রতন জোরপূর্বকভাবে দখল করে আসছে। আমরা জমি চাইতে গেলে তারা বিভিন্ন সময় আমাদের ভাড়া করা লোকজন নিয়ে হুমকি দিয়ে আসছে। এখন আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই প্রশাসনের কাছে দাবি, আমাদের পৈতৃক সম্পত্তি উদ্ধার চাই।
এদিকে জোরপূর্বক দখলের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কামরুল হাসান রতন। তার দাবি, জমিটি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও ভুক্তভোগী পরিবার তা অমান্য করে জামালপুর আদালতে মামলা দায়ের করেছে।
এ জমির বিষয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও তারা সেই সালিশ বৈঠকের সিদ্ধান্ত না মেনে জামালপুর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি যেহেতু বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে, আদালত যে রায় দিবে সেটাই আমি মেনে নিব।ন্যায়বিচার ও নিজেদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *