৩ শতাধিক লাউ গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা, ফসল হারিয়ে দিশেহারা কৃষক

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে রাতের আঁধারে এক দরিদ্র কৃষকের স্বপ্ন চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা। ২০ শতাংশ জমিতে থাকা প্রায় তিন শতাধিক ফলন্ত লাউ গাছের গোড়া কেটে দিয়েছে অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তরা। এতে শেষ সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে কপালে হাত দিয়ে কাঁদছে ক্ষতিগ্রস্ত কৃষক জয়ান উদ্দিন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া পশ্চিমপাড়া এলাকায় খেতে গিয়ে এ করুণ দৃশ্য দেখতে পান ভুক্তভোগী কৃষক জয়ান উদ্দিন।

​স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জয়ান উদ্দিন নিজের ২০ শতাংশ জমিতে প্রায় ২০ হাজার টাকা খরচ করে লাউয়ের টাল ও পরিচর্যা করে তিন শতাধিক লাউ গাছ রোপণ করেছিলেন। গাছে প্রচুর পরিমাণে লাউ ধরেছিল এবং তা বাজারে বিক্রির জন্য উপযুক্ত হয়ে উঠেছিল। মঙ্গলবার সকালে ক্ষেতে লাউ তুলতে গিয়ে তিনি দেখেন, পুরো খেতের লাউ গাছের পাতা শুকিয়ে ঢলে পড়েছে। প্রতিটি গাছের গোড়া সুপরিকল্পিতভাবে কেটে ফেলা হয়েছে।

​চোখের পানি মুছতে মুছতে কৃষক জয়ান উদ্দিন আক্ষেপ করে বলেন, “নিজের জমানো সম্বল আর কষ্ট দিয়ে খেত তৈরি করছিলাম। গাছে প্রচুর লাউ আসছিল। সকালে লাউ তুলতে গিয়া দেখি সব শেষ, সবকটি লাউ গাছের গোড়া কাটা। আমার চলার আর কোনো উপায় রইল না। যে আমার এই ক্ষতি করলো, আল্লাহর কাছে তার বিচার চাই।”

​ভুক্তভোগী কৃষকের ছেলে আমিনুল ইসলাম বলেন, “আমরা কখনো কারও কোনো ক্ষতি করি নাই। এই খেত থেকে প্রায় লাখ টাকার বেশি লাউ বিক্রি করার আশা ছিল। কিছু দুষ্কৃতি মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের এই ক্ষতি করেছে। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।” এ ঘটনার পর স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন জঘন্য নাশকতামূলক কর্মকাণ্ড শুধু একজন কৃষকের আর্থিক ক্ষতিই করে না, বরং কৃষক জীবনের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। অতি দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

​এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ঘটনাটি অত্যন্ত অমানবিক ও দুঃখজনক। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষককে যথাসম্ভব সহায়তা করা হবে এবং পরবর্তী ফসল রোপণে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।”

​এদিকে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, “বিষয়টি সম্পর্কে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ছবিঃ এভাবেই ক্ষতিগ্রস্ত লাউ ক্ষেতে বসে কাঁদছে কৃষক জয়ান উদ্দিন। ছবিটি সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *