দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্তুসহ আটক ৮

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ ৪ কেজি ৮৫০ গ্রাম বস্তুসহ আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকায় টিনের তৈরি একটি ইলেকট্রিশিয়ানের দোকানের পেছনের কক্ষে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কষ্টিপাথর সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। উদ্ধার করা বস্তুটি প্রকৃত কষ্টিপাথর হলে এর আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৪১), তারাটিয়া বাজারের ফরহাদ হোসেন (৩৫), মদ্দেরচর গ্রামের বাবু মিয়া (৪২) ও পোড়াভিটা গ্রামের ফেলু মিয়া (৩১)। অন্য চারজন হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের আমজাদ হোসেন (৭০), গোপালপুর উপজেলার সুতীগোপালপুর গ্রামের জোয়াহের (৫৩), ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণপাড়া গ্রামের সবুজ মিয়া (৪৪) ও কামরুজ্জামান ওরফে রিপন (৬০)।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২-এর একটি দল এ অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান, শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *