দেওয়ানগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ জনের কারাদণ্ড

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িতে ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে যমুনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি-সংলগ্ন যমুনা নদীতে ইলিশ ধরা ও পরিবহনের অপরাধে চারজনকে আটক করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. জাহিদুল ইসলাম, খলিম উদ্দিন, মো. শামীম ও মো. রহিম। মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযানে জব্দ করা ইলিশ মাছ পরে একটি এতিমখানায় হস্তান্তর করা হয়।

ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *