ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে উত্তাল চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ

রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিনকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করতে একটি মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২অক্টোবর) উপজেলার চরপুটিমারী ইউনিয়ন বাসীর উদ্যোগে ৪ নং চর বাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমান,দক্ষিন চর পুটিমারী ইউনিয়ন বিএনপির আহবায়ক রমজান আলী মেম্বার,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাজু মিয়া,সহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে গৃহবধূ মঞ্জুরা খাতুনের আত্মহত্যার ঘটনাকে হত্যাকান্ড হিসেবে উপস্থাপন করে একটি মহলের সহযোগীতায় যুবদল নেতা মলিনকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে। পাশাপাশি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

বক্তারা দাবি করেন,ঘটনার দিন মলিন জেলা বিএনপির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এসব কোন ঘটনার সাথে জড়িত না থাকলেও আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এ সময় তারা মলিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান।

পরে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *