সাঈদ মৃধা, টঙ্গী প্রতিনিধি
সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, টাকা ছাড়া ফাইল নড়ে না
রাজধানীর উত্তরখান ভূমি অফিস এখন সেবার বদলে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই পুরো সিন্ডিকেটের নেপথ্যে রয়েছেন মনির নামে এক ব্যক্তি। এমনটাই অভিযোগ করছেন সেবা নিতে আসা ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নামজারি, খাজনা, পর্চা উত্তোলন সহ জমি সংক্রান্ত যেকোনো কাজে গেলেই নানা অজুহাতে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। অভিযোগ রয়েছে, মনিরের মাধ্যমে টাকা দিলে দ্রুত কাজ হয়, আর টাকা না দিলে মাসের পর মাস ফাইল আটকে থাকে।
এক ভুক্তভোগী জানান, “সরকারি ফি মাত্র কয়েকশ টাকা হলেও আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। মনিরের সাথে কথা না বললে অফিসের কেউ ফাইলে হাতই দেয় না।”
এ বিষয়ে খোঁজ নিতে গেলে অফিসের ভেতরেই মনিরের দৌরাত্ম্য দেখা যায়। তিনিই যেন অলিখিত কর্মকর্তা। সাধারণ মানুষের জিম্মি করে এই অনিয়মের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত এই দুর্নীতির তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিষয়ে অভিযুক্ত মনিরের বক্তব্য পাওয়া যায়নি। উত্তরখান ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।