কামাল উদ্দিন,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাছিনা বেগম ওই এলাকার নূর শেখের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর পাশের এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষি জমিতে মাছ ধরার ফাঁদ আনতে যান কয়েকজন স্থানীয় ব্যক্তি। এ সময় তারা জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।