হালুয়াঘাট মাদকবিরোধী কমিটির সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এম এ খালেক প্রতিনিধি, হালুয়াঘাট ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নে মাদক ও জুয়া নির্মূল কমিটির এক সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার ও এলাকায় মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া লোকজন।

আজ রোববার দুপুরে শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করে শাকুয়াই ইউনিয়ন মাদক ও জুয়া নির্মূল কমিটি।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্য মিরাশ উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত। গতকাল শনিবার শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গেটের সামনে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী মিরাশ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছেন। তাঁদের কার্যক্রমের কারণে কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর জের ধরে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে তাঁর অভিযোগ।

মিরাশ উদ্দিন বলেন, ‘তিনজন মিলে আমার ওপর হামলা করে মারধর করেছে। আমি কোনো রকমে সেখান থেকে পালিয়ে যাই। আমি এ ঘটনার বিচার চাই।’

শাকুয়াই ইউনিয়ন মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্য রাসেল মিয়া বলেন, তাঁদের কমিটির একজন সদস্যের ওপর হামলার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মাদক ও জুয়া নির্মূল উপদেষ্টা কমিটির সদস্য সায়েদুল ইসলাম বলেন, গত দুই থেকে তিন মাসে স্থানীয় সচেতন মহলের উদ্যোগে মাদকবিরোধী কার্যক্রম পরিচালিত হয়েছে। এ কার্যক্রমের পর কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর জের ধরেই কমিটির সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, হামলায় অভিযুক্ত রুবেল স্থানীয় শাকুয়াই ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত। তাঁরা রুবেলের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও করেন এবং মানববন্ধনে একটি ছবি প্রদর্শন করেন।

বক্তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন, সমাজ থেকে মাদক ও জুয়া দূর করতে স্থানীয়ভাবে গড়ে ওঠা এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। হামলার ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *