মোঃ আলমগীর প্রতিনিধি, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী রফিকুল ইসলাম বদর অভিযোগ করে বলেন, হেমরাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের জিকু, আলা উদ্দিন, মোশারফ, শফি, খোকন, জগলু ও কুদ্দুছসহ কয়েকজনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ৮ সেপ্টেম্বর তার কাছে আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং পরে হামলার অভিযোগে তিনি আদালতে মামলা করেন। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআইকে দেন।
তিনি আরও বলেন, পিবিআই তদন্তের বিষয়টি জানার পর প্রতিপক্ষের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের ফাঁসাতে একটি পুরোনো ও পরিত্যক্ত মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা সাজিয়েছে।মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় যাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তাদের কয়েকজন ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না। পাশাপাশি জমি বিরোধ, হামলা, চাঁদা দাবি ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক মকবুল, মো. আশরাফ আলী, মো. সোহেল রানা, মো. আলমগীর উপস্থিত ছিলেন।