ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি

জনগণের দোরগোড়ায় কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা পৌঁছে দিতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। সাধারণ অভিযোগ ও সমস্যার পাশাপাশি চিকিৎসা সহায়তা চাইতে আসা রোগীদের জন্য গণশুনানির স্থানেই বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার।
সাধারণত গণশুনানিতে নাগরিকদের অভিযোগ ও আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হয়। তবে বরগুনার গণশুনানিতে স্বাস্থ্যসেবা প্রত্যাশী অসহায় ও দরিদ্র মানুষের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এড়াতে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন।
জেলা প্রশাসনের এই উদ্যোগে প্রশাসনিক সেবার সঙ্গে সরাসরি স্বাস্থ্যসেবার সংযোগ তৈরি হয়েছে। প্রথাগত গণশুনানির বাইরে গিয়ে রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়টি সেবাপ্রত্যাশীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
গণশুনানিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত হয়ে পারিবারিক, সামাজিক, ভূমি সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক সহায়তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক প্রতিটি সেবাপ্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, “নাগরিকদের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নত করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি সংযোগ তৈরিতে সাপ্তাহিক গণশুনানি অত্যন্ত কার্যকর। প্রান্তিক মানুষের কাছে প্রশাসনিক সহায়তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।”
প্রশাসনের এমন উদ্যোগে গণশুনানি শুধু অভিযোগ গ্রহণের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাৎক্ষণিক সমাধান ও সেবাপ্রাপ্তির কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে বলে মনে করছেন সেবাপ্রার্থীরা।