ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ শাহজালাল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার ২ আগস্ট রাত ১২টা ৪০ মিনিটের দিকে তালতলী থানাধীন ৫ নম্বর বড়বগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোটভাইজোড়া আশ্রয়ণকেন্দ্রের ১ নম্বর ব্যারাক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মঞ্জুরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ছোটভাইজোড়া আশ্রয়ণকেন্দ্রের ১ নম্বর ব্যারাকের ৬ নম্বর টিনশেড বসতঘরের সামনে থেকে মোঃ শাহজালাল (৪৮)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত মোঃ আলীর ছেলে এবং রিজিয়া বেগমের সন্তান। তার বাড়ি ছোটভাইজোড়া আশ্রয়ণকেন্দ্র, ১ নম্বর ব্যারাক, ৬ নম্বর ঘর, বড়বগী ইউনিয়ন, তালতলী, বরগুনা।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৩ (তিন) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।