জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা’র উদ্যোগে গবাখালের পরিস্কারের ১৬ দিন

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌর এলাকার পানি নিষ্কাশনের অন্যতম পথ গবাখালে ১৬ দিন ধরে চলছে পরিষ্কার অভিযান। গত ১৩ জুলাই থেকে ব্যক্তিগত উদ্যোগে এই অভিযান শুরু করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মেয়র প্রার্থী মো. সোহেল রানা খান। দীর্ঘ ১৬ দিনে পরিষ্কার হয়েছে খালটির ২ কি.মি. অংশ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গবাখালের পৌরসভার মনিরাজপুর অংশে পরিষ্কার অভিযানে উপস্থিত থেকে কাজের তদারকি করেন ওই নেতা। শ্রমিক ও নেতাকর্মীদের সঙ্গে তিনি নিয়মিতই এই অভিযানে অংশগ্রহণ করছেন।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সোহেল রানা খান বলেন, এই গবা খালটি ৭-৮ এবং ১১ নম্বর ওয়ার্ড দিয়ে নদীতে চলে গিয়েছে। এই খাল দিয়ে কমপক্ষে ৫ থেকে ৭টি ওয়ার্ডের পানি বের হয়। খালটি পরিষ্কার করার উদ্দেশ্যে একটাই, সেটা হলো জনগণের সেবা করা। জনগণের সেবা করার চেয়ে বড় ধরনের সওয়াব অর্জন করার জায়গা আর কোথাও নেই।

তিনি আরও বলেন, এখানে উদ্দেশ্য একটি যে জনগণের সেবা করলে তারা দোয়া করবে। আল্লাহ তাআলা তাদের দোয়ার মাধ্যমে যদি দয়া করেন তাহলে দুনিয়ার জিন্দেগি এবং পরপারের জিন্দেগি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্দেশ্য একটি জনগণের সেবা করে সওয়াব অর্জন করা।

তিনি বলেন, আমাদের জামালপুরে এবার জলাবদ্ধতা অনেক বেশি। অনেক পরিবার পানিবন্দি হয়ে আছে। এ সমস্যাগুলো আমাদের সকলকেই মিলেমিশে সমাধান করতে হবে। সকলে মিলেমিশে পৌরবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এগিয়ে আসি তাহলে আমাদের কোন কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে, সেগুলো বের করে আমরা সমাধান করতে পারব ইনশাল্লাহ। এই গবাখালি খাল যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে ইনশাল্লাহ।

সোহেল রানা খান বলেন, আমরা দলীয় নেতাকর্মীসহ লেবার মিলে আজ ১৬ দিন ধরে পরিষ্কার অভিযান চালাচ্ছি। ১৩ জুলাই থেকে শুরু হওয়া এই পরিষ্কার কার্যক্রম গবাখাল পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত চলবে।

এছাড়াও পৌরসভার বানিয়া বাজার খালের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *