এম এ খালেক হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নিজেদের বিভিন্ন মাদরাসা ও মসজিদের সদস্য দাবি করে অভিনব কায়দায় চাঁদা তোলার সময় প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যাগ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ বুধবার (২২ জুলাই) উপজেলার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তির নাম মো. রাহুল। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল ইউনিয়নের মৃত আলমগীরের ছেলে। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর সহযোগী জুনায়েদ পালিয়ে যেতে সক্ষম হন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারক চক্রের ওই দুই সদস্য দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় নিজেদের বিভিন্ন মাদরাসা ও মসজিদের প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। এর মধ্যে একজন নিজেকে সম্পূর্ণ অন্ধ সাজিয়ে মানুষের সহানুভূতি কুড়িয়ে টাকা তুলতেন।
আজ বুধবার দুপুরে উপজেলার জামগড়া এলাকায় তারা আবারও চাঁদা তুলতে গেলে স্থানীয় লোকজনের মনে সন্দেহ হয়। পরে তারা রাহুলকে আটক করে হালুয়াঘাট প্রেসক্লাবে নিয়ে আসেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
সেখানে অভিযুক্ত রাহুলের ড্রাগ টেস্ট করানো হলে তার শরীরে মাদক সেবনের উপস্থিতি প্রমাণিত হয়।
পরে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক রাহুলকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পলাতক জুনায়েদকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।