ময়মনসিংহের হালুয়াঘাটে অন্ধ সেজে চাঁদা তোলার সময় ইয়াবা সেবনের সরঞ্জামসহ প্রতারক চক্রের এক সদস্য আটক

​এম এ খালেক হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নিজেদের বিভিন্ন মাদরাসা ও মসজিদের সদস্য দাবি করে অভিনব কায়দায় চাঁদা তোলার সময় প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যাগ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

​আজ বুধবার (২২ জুলাই) উপজেলার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

​আটককৃত ব্যক্তির নাম মো. রাহুল। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল ইউনিয়নের মৃত আলমগীরের ছেলে। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর সহযোগী জুনায়েদ পালিয়ে যেতে সক্ষম হন।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারক চক্রের ওই দুই সদস্য দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় নিজেদের বিভিন্ন মাদরাসা ও মসজিদের প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। এর মধ্যে একজন নিজেকে সম্পূর্ণ অন্ধ সাজিয়ে মানুষের সহানুভূতি কুড়িয়ে টাকা তুলতেন।

​আজ বুধবার দুপুরে উপজেলার জামগড়া এলাকায় তারা আবারও চাঁদা তুলতে গেলে স্থানীয় লোকজনের মনে সন্দেহ হয়। পরে তারা রাহুলকে আটক করে হালুয়াঘাট প্রেসক্লাবে নিয়ে আসেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
​ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

​সেখানে অভিযুক্ত রাহুলের ড্রাগ টেস্ট করানো হলে তার শরীরে মাদক সেবনের উপস্থিতি প্রমাণিত হয়।

​পরে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক রাহুলকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পলাতক জুনায়েদকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *