মো. আলমগীর জামালপুর প্রতিনিধি

‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির উদ্যােগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে শহরের মুসলিমাবাদ চৌরাস্তায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাইয়েদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা এই জামালপুরকে একটি শান্তির সুন্দর ও সমৃদ্ধ জামালপুরে রূপান্তর করতে চাই। আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হলো যুবক-তরুণ ছাত্ররা। যারা আগামী দিনে এই জাতির নেতৃত্ব দেবে। আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই মাদক। মাদক আমাদের যুবক তরুণ ছাত্রদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।
তিনি আরও বলেন, একটা সন্তান একটা পরিবারের জন্য আর্শিবাদ। একটা সন্তান একটা পরিবারকে সমৃদ্ধ করতে পারে। একটা সন্তান একটা গ্রামকে সমৃদ্ধ করতে পারে। আবার সেই সন্তান যদি মাদকাসক্ত হয়, ওই সন্তানটি তখন ওই পারিবার, ওই গ্রাম, ওই সমাজের জন্য অভিশাপ।
তিনি বলেন, সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে যদি আমরা জামালপুরকে তথা দেশকে এগিয়ে নিতে চাই তাহলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই। মাদক প্রতিরোধ করা আপনার আমার নৈতিক দায়িত্ব।
জেলা যুবদলের সদস্য রুকনুজ্জামান রোকনের সঞ্চালনায় মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুর ইসলাম সাত্তার, মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেক, বিশিষ্ট ব্যবসায়ী ইকরামুল হক নবীন, জাবেদ গ্রুপের পরিচালক রকিবুল করিম, মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহেদ আলী, বাগেরহাটা সমাজ কল্যাণ সমিতির সমন্বয়ক স্বপন সওদাগর , মুসলিমাবাদ মসজিদ কমিটির সভাপতি সোহেল রানা খোকন, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদিকা সালমা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেতু সরকার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ্ জামাল প্রমুখ।
মাদক বিরোধী সমাবেশে মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতিসহ এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।