নজরুল বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধণকারী ও ফলজ বৃক্ষরোপণ করলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য

সামিয়া সুলতানা সাবনম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ০৩ নভেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে রাবার, লিচু ও কামরাঙ্গা গাছের চারা রোপণ করে তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। বৃক্ষরোপণকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের প্রয়োজনে কিছু গাছ সরিয়ে অন্যত্র স্থানান্তর এবং কিছু গাছ অপসারণ করতে হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় আমরা তার চেয়ে অধিক পরিমাণে গাছের চারা পরিকল্পিতভাবে রোপণ করছি।” পূবালী ব্যাংক পিএলসি-এর সৌজন্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফলজ, বনজ ও বিভিন্ন প্রকার ফুলের চারা রোপণ করা হয়। বিভিন্ন প্রকার চারার মধ্যে রয়েছে রাবার, রঙ্গন, বাগান বিলাস, গাঁদা, পেয়ারা, আতা, আমলকি, সিজিয়াম, চায়না থ্রি লিচু, কাঠ বাদাম, সোনালু, করবীসহ বিভিন্ন প্রজাতির চারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান, সহকারী-মহাব্যবস্থাপক ও ত্রিশাল শাখা প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *