মাদক নির্মূলের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

মাদকের চালান বন্ধ করা, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও মাদক সেবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

রবিবার (১২ জুলাই) সকাল ১১ টার দিকে শহরের মুসলিমাবাদ এলাকা থেকে এক মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী’র নিকট স্মারকলিপি প্রদান করেন মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুজ্জামান, জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুর ইসলাম সাত্তার, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মসলিমাবাদ জামে মসজিদ কমিটির সভাপতি সোহেল নুর খোকন, সাধারণ সম্পাদক শাহেদ আলী, জেলা যুবদলের সদস্য রুকনুজ্জামান রোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেতু সরকার প্রমুখ।

জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বলেন, মাদক আজ সমাজে ভয়াবহ রূপ ধারণ করেছে। যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে এই মরণ নেশা। এই মাদকের ভয়াবহ থাবা থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করা জরুরি। মাদক ব্যবসায়ীরা এখন সমাজের সচেতন মানুষদের ভয় দেখাতে এবং আন্দোলন দমিয়ে দিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

তিনি আরও বলেন, তাদের এসব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই। প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই যদি মিথ্যা মামলার শিকার হতে হয়, তবে সাধারণ মানুষ কীভাবে মাদকের বিরুদ্ধে নির্ভয়ে কথা বলবে? আমরা চাই একটি মাদকমুক্ত, নিরাপদ ও ন্যায়ের সমাজ। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এবং ব্যবসায়ীবৃন্দসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *