শাহিন আলম হৃদয়,স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জে রাজমিস্ত্রীর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমুদ্দিন বাবু ফকির (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি উত্তর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবু ফকির কোয়ালীকান্দি বাজারের জহরুল ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে বাবু কোয়ালীকান্দি উত্তরপাড়ায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে ঘরের বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে বাবু নিজেই তা মেরামত করতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা ও চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবহান ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভাতিজা বাবু রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে ঘরের লাইনের সমস্যা সমাধান করতে গিয়েছিল। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। হাসপাতাল নেওয়ার আগেই সে আমাদের ছেড়ে চলে গেছে।”
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ আবু রায়হান জানান, “বাবু ফকির নামের ওই রোগীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। পরে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করি।”
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশের টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে মাত্র ২৭ বছর বয়সী একমাত্র উপার্জনক্ষম বাবু ফকিরের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এক স্ত্রী, ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান এবং মাত্র ২২ দিন বয়সী এক ফুটফুটে নবজাতক পুত্রসন্তান রেখে গেছেন। কোলজুড়ে নতুন সন্তান আসার আনন্দের মাঝেই এই বুকফাটা কান্নায় স্তব্ধ হয়ে পড়েছেন কোয়ালীকান্দি গ্রামের সাধারণ মানুষ।