শাহিন আলম হৃদয়,স্টাফ রিপোর্টার

শেরপুরের ঝিনাইগাতীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নবনির্মিত ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত ৩ জুলাই (শুক্রবার) উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্মিত হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও সভাপতি যৌথভাবে ফলক উন্মোচনের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই হলরুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আল-আমীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৫ শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব এ. কে. এম. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আব্দুল আউয়াল চৌধুরী এবং শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি জনাব আরিফ হোসেন।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের বাণী তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি নবনির্মিত হলরুমটি উপজেলার প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।
আলোচনা সভা শেষে শেরপুর জেলার স্বনামধন্য নজরুলসংগীত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত সুধীজন। অনুষ্ঠান শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।