দেওয়ানগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগে শ্রমিক দল নেতাকে শোকজ

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগে সদর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি।
রবিবার (২৮ জুন) দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. রাসেল মিয়া ও সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন স্বাক্ষরিত এক অভিযোগপত্রে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, রাশেদুল ইসলামের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ রয়েছে। গত ২৭ জুন তিনি মাদকসেবনের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় সাংবাদিক হৃদয় হোসেনকে মারধর করে আহত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এ ঘটনায় কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে বলা হয়েছে।
অভিযোগপত্রের অনুলিপি উপজেলা শ্রমিক দল, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি এবং সংগঠনের দপ্তরেও পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *