মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণে সহযোগিতার অভিযোগে ৬ কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) গভীর রাতে উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী বারোখাদা এলাকায় সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া গ্রামের মিষ্টার আলীর ছেলে নাঈমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এ ঘটনায় কয়েকজন সহযোগীর সহায়তায় ওই কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন— সুখনগরী বারোখাদা এলাকার শাহজাহান মুন্সির ছেলে মনিরুল ইসলাম বাবু (২০), হবি মুন্সির ছেলে সবুজ মিয়া (২১), খিলকাটি গয়েসপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে আনন্দ হাসান (১৮), হবি মণ্ডলের ছেলে হোসেন আলী (১৮), বারোখাদা এলাকার জগলু পাশার ছেলে সাজিবুল হাসান সজিব (২০) এবং তাছের মণ্ডলের ছেলে ইউনুস মিয়া (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, অপহরণের ঘটনার সময় বাড়ির আশপাশ থেকে সহযোগিতার অভিযোগে ওই ৬ জনকে আটক করেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মাদারগঞ্জ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আটক ৬ জনকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বলেন, “ঘটনার সঙ্গে প্রায় ১২ জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। অপহরণের মূল অভিযুক্ত নাঈম কিশোরীকে নিয়ে পালিয়ে গেছে। আটক ৬ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপহৃত কিশোরীকে উদ্ধারে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে অপহৃত কিশোরীর পরিবার দ্রুত তাকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।