২০২৭ সালের এসএসসি শুরু ৩১ ডিসেম্বর/২০২৬

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ডিসেম্বরেই শুরু করার সিদ্ধান্তের পথে এগোচ্ছে সরকার। তবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে পুরো জানুয়ারি মাসজুড়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর/২৬ এবং ৭ ফেব্রুয়ারির মধ্যেই শেষ করা হবে।
বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৈঠকে পরীক্ষা এগিয়ে আনা নিয়ে বিভিন্ন পক্ষের মতামত শোনার পর প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, শিক্ষামন্ত্রী আগেই ঘোষণা দিয়েছিলেন ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। তবে হঠাৎ এত দ্রুত পরীক্ষা এগিয়ে আনার বিরোধিতা করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেন। তাদের মতামত বিবেচনায় রেখে ডিসেম্বরের শেষ দিন থেকে পরীক্ষা শুরু করে জানুয়ারি মাসজুড়ে রুটিন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, সম্ভাব্য রুটিন অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হবে এবং ৩১ জানুয়ারির মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করা হবে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির/২৭ এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে মোট ৩৮ দিনের রুটিনে এসএসসি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য রোজার ছুটি শুরুর আগেই পরীক্ষা শেষ করতে চায় সরকার। এজন্য শিক্ষামন্ত্রী পূর্ণাঙ্গ খসড়া রুটিন তৈরির নির্দেশনা দিয়েছেন। সেই খসড়া পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এ বিষয়ে অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, রোজার আগেই পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে জানুয়ারির শুরুতে পরীক্ষা শুরু করার চিন্তা করা হচ্ছে।
অন্যদিকে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ–এর অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম বলেন, এসএসসি আগে শেষ করা গেলে এইচএসসির পাঠদান ঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তবে এইচএসসি পরীক্ষা মার্চ-এপ্রিলে নেওয়ার পক্ষে মত দেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন জানান, অংশীজনদের মতামতের ভিত্তিতে আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বর্তমানে একজন শিক্ষার্থী দশম শ্রেণির ক্লাস শেষ করার পরের বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা-পরবর্তী সময়ে সেই সূচি আর স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাইয়ে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে সব পাবলিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিষয়সংখ্যা কমানোর সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
২০২৭ সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ কর্মপরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষার জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করা হবে এবং ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে পত্রিকা এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *