এনামুল কবির মুন্না,সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মোতালেব ভূঁইয়ার ওপর সংঘটিত ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দোয়ারাবাজার প্রেসক্লাব।
পেশাগত দায়িত্ব পালন কিংবা স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় সংঘটিত এই সন্ত্রাসী হামলাকে মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের এক জঘন্য চক্রান্ত বলে অভিহিত করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না সোমবার(১৯ অক্টোবর) বিকালে এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ চরম অসন্তোষ প্রকাশ করে বলেন,একজন পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মূলত স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্তচিন্তা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের ওপর এক সরাসরি নগ্ন আঘাত। এ ধরনের সমাজবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড স্বাধীন গণমাধ্যম রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।”
তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সাংবাদিকদের রক্তচক্ষু দেখিয়ে কিংবা হামলার মাধ্যমে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। অপশক্তির বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা বরাবরই সোচ্চার ছিলেন এবং থাকবেন।”
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান যে, অবিলম্বে ও অগ্রাধিকার ভিত্তিতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে এই চিহ্নিত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে কঠোর আইনি শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। অন্যথায়, সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, রবিবার রাত ৮টার দিকে দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়াবাজারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন সাংবাদিক মোতালেব ভূঁইয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।