হালুয়াঘাটে হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলার আশঙ্কায় পরিবার

​এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় দায়ের করা একটি হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাদীর ওপর চাপ সৃষ্টি করতে আসামিরা নিজেরাই নিজেদের বসতঘরের মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের পায়তারা চালাচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী মোহাম্মদ রফিকুল ইসলাম ও তার পরিবার।
​এ বিষয়ে আইনি পদক্ষেপ হিসেবে ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোহাম্মদ রফিকুল ইসলাম ও বিবাদীদের বাড়ি পাশাপাশি অবস্থিত। পূর্ব থেকেই তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত ১ সেপ্টেম্বর শাহেদ আলী নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত বৃদ্ধের ছেলে রফিকুল ইসলাম।
​মামলার আসামিরা হলেন– বাবুল হোসেন, রহমত আলী, দুলাল মিয়া, মঞ্জুরুল ইসলাম, হৃদয়, মেহেদী, আরশাদ আলী ও মেহের বানু।
​পুলিশ ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করলেও বাকি আসামিরা গ্রেপ্তার এড়াতে প্রায় এক মাস বাড়ির বাইরে পলাতক ছিলেন। গত বুধবার তারা উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন এবং গত শুক্রবার নিজ বাড়িতে ফেরেন।
​আদালত থেকে জামিনে মুক্ত হয়েই আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রতিনিয়ত নানা ধরনের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আসামিরা বাদীর বাড়ির আশেপাশে সশস্ত্র অবস্থায় ঘোরাফেরা করছেন, যার ফলে যেকোনো সময় বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে।
​এমন পরিস্থিতিতে চরম উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগীর পরিবার। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে নিজের ও পরিবারের জীবন রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মোহাম্মদ রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *