মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন স্থানীয় রাজনীতির পরিচিত মুখ সাবেক ছাত্রনেতা সোহেল সরকার। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকায় এলাকার সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছেন এই তরুণ ও উদ্যমী নেতা।
স্থানীয় সুত্রে জানা যায়, সোহেল সরকার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর মরহুম পিতা রোস্তম আলী সরকার এলাকার একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ১৯৯৬ সাল থেকে বিএনপির ছাত্র রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন সোহেল সরকার। এরপর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তার বসতবাড়ি ভাংচুরসহ বিভিন্ন মামলার আসামী হন তিনি। পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসার সেসব মামলায় একাধিক বার কারাবরণ করেন সাবেক এই ছাত্রনেতা। এছাড়াও ২০০৬ সালে বিএনপি করার অপরাধে সোহেল সরকারের বড় ভাই ও তৎকালীন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হায়দর আলী বাবুকে রাজনৈতিক প্রতিহিংসার কারনে হত্যা করা হয়।
সোহেল সরকার শিক্ষাজীবন থেকে শুরু করে আজ অব্দি এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতির সাথে জড়িত থাকা এবং তৃণমূল পর্যায়ে নিবিড় জনসম্পৃক্ততা থাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোহেল সরকার শক্ত অবস্থানে থাকবেন।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সোহেল সরকার জানান, বিএনপির রাজনীতি করার কারনে আমার ভাইকে হারাতে হয়েছে। তারপর থেকে ভাইয়ের পরবর্তীতে “দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার জন্য আমি চেষ্টা করেছি। পোগলদিঘা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে বিজয়ী হয়ে এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো ত্বরান্বিত করতে বদ্ধপরিকর। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে আমার এই প্রার্থীতা ঘোষনা করা। পোগলদিঘা ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, সমৃদ্ধশীল, উন্নত, জবাবদিহিতা মূলক ও স্মার্ট ইউনিয়ন গঠনে তরুণ নেতৃত্বের কোন বিকল্প নেই।
এসময় তিনি পোগলদিঘা ইউনিয়নের সকল স্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন এবং দলীয় সমর্থনের আশাবাদ ব্যক্ত করেন। তাঁর এই প্রার্থীতার ঘোষণায় পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকাসহ পুরো ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ ভোটারদের মাঝে বেশ চাঞ্চল্য ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।