কিশোর গ্যাং সামাজিক অবক্ষয় নির্মুলের জন্য তিন মাসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ: চীফ হুইপ

ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নির্মূলে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি। তিনি বলেছেন, কিশোরদের হাতে অস্ত্র নয়, বই ও শিক্ষা তুলে দিতে হবে। তাদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

(২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব নুরুল ইসলাম মনি মাননীয় চীফ হুইপ বলেন, কিশোর গ্যাং প্রতিরোধকে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হিসেবে দেখলে চলবে না। এ সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম, প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি একটি শক্তিশালী ও দায়িত্বশীল সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আরো বলেন, আজকের কিশোর-তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের বিপথগামী হওয়ার সুযোগ না দিয়ে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। পড়াশোনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে তাদের জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে নূরুল ইসলাম মনি বলেন, কিশোরদের অনলাইন কার্যক্রম নিরাপদ ও ইতিবাচক ধারায় পরিচালিত করতে পরিবার ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। প্রযুক্তির অপব্যবহার রোধের পাশাপাশি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা জরুরি।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ প্রসঙ্গে চীফ হুইপ বলেন, সরকারের এ ধরনের পদক্ষেপের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলার বিষয়ে একটি সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায় এবং সেই প্রক্রিয়া নিজেদের ঘর থেকেই শুরু করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করাই সরকারের মূল লক্ষ্য। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারের কার্যকারিতা বজায় রাখতে দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচিত সরকারকে বিব্রত করার লক্ষ্যে কৃত্রিম সংকট সৃষ্টির যে কোনো প্রচেষ্টা মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে চীফ হুইপ বলেন, দেশের স্থিতিশীলতা, শান্তি ও উন্নয়নের স্বার্থে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

সরকার কোনো সমস্যার দায় এড়িয়ে যেতে চায় না। জনগণের প্রতি সরকারের যে দায়িত্ব রয়েছে, তা যথাযথভাবে পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ভিত্তিতেই কার্যকর রাষ্ট্রব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব।

ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগের প্রশংসা করে চীফ হুইপ বলেন, তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর চিন্তা, সহনশীলতা ও গঠনমূলক বিতর্কের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেয়। প্রতিযোগিতায় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *