বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না ——-তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান,

মোঃ আলমগীর, জামালপুর প্রতিনিধি

দেশ থেকে পলাতক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।

তিনি বলেন, আমরা অতীতে দেখেছি, তারা যখনই ক্ষমতায় এসেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই টাকা জনগণের টাকা। এই টাকা আপনাদের টাকা। এই টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করে দিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয় প্রাঙ্গণের সামনে অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সন্ত্রাস যারা করে, বাংলাদেশের মাটিতে তাদের ঠাঁই নাই। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড যেরকম করেছে অতীতে, বর্তমানেও করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রতিহত করে দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সেই সন্ত্রাসীদের, সেই নৈরাজ্যবাদীদের রুখে দিবে ইনশাআল্লাহ।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু এমপি, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *