ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার পোটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুনা বিশ্বাসের ডেপুটেশনের মেয়াদ শেষ হলেও নিজ কর্মস্থলে যোগদান না করার অভিযোগ উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক লুনা বিশ্বাস ২০২৫ সালের ২০ জুলাই এক বছরের জন্য বরিশালের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে যান। সে হিসেবে ২০২৬ সালের ২০ জুলাই তার ডেপুটেশনের মেয়াদ শেষ হয়। পরদিন ২১ জুলাই তার নিজ কর্মস্থল পোটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের কথা থাকলেও এখন পর্যন্ত তিনি বিদ্যালয়ে যোগদান করেননি বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ডেপুটেশনের মেয়াদ শেষ হওয়ার পরও বিদ্যালয়ে যোগদান না করার বিষয়টি তিনি প্রধান শিক্ষক কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেননি।
এ ঘটনায় পোটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বরগুনা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বিদ্যালয়ে গিয়ে জানা যায়, ডেপুটেশনের মেয়াদ শেষ হলেও সহকারী শিক্ষক লুনা বিশ্বাস নিজ কর্মস্থলে যোগদান করেননি। প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারী শিক্ষকরা জানান, তাদের কাউকে বিষয়টি অবহিত না করেই তিনি অনুপস্থিত রয়েছেন।
বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কুট্রি মৃধা বলেন, “একজন শিক্ষকের বিদ্যালয়ে অনুপস্থিত থাকা কাম্য নয়। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হয়।”
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে না জানিয়ে অনুপস্থিত থাকার অভিযোগের বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এ বিষয়ে সহকারী শিক্ষক লুনা বিশ্বাসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।