এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

টানা তিন দিনের অবিরাম বৃষ্টি ও জলাবদ্ধতার তীব্র চাপে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। এর ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার কারণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা হাজারও মানুষ । বাধ্য হয়ে তাদের দুই থেকে তিন কিলোমিটার পথ ঘুরে বিকল্প উপায়ে যাতায়াত করতে হচ্ছে।
উপজেলার ধারা-নালিতাবাড়ী সড়কের ধুরাইল বাজার এলাকায় গত মধ্যরাতে এই সড়ক ধসের ঘটনা ঘটে।সড়কটিতে পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ও কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার পানির অতিরিক্ত চাপে নিচের মাটি সরে যায়।
সকালের দিকে গর্তটি আরও বড় আকার ধারণ করায় সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। হঠাৎ সড়ক ধসে পড়ায় এই অঞ্চলের আন্তঃউপজেলা যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
হালুয়াঘাট উপজেলার চার ইউনিয়ন: ধারা, ধুরাইল, কৈচাপুর ও আমতৈল ও পার্শ্ববর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান, নালিতাবাড়ী, রূপনারায়ণকুড়া ইউনিয়ন এবং নালিতাবাড়ী সদর।
স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান ইতু জানান,হঠাৎ সড়ক ধসে পড়ায় সাধারণ মানুষ ও যাত্রীরা পড়েছেন চরম বিপাকে,গত রাতে পানির চাপে সড়কটি ভেঙে যায় এবং এর ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।
আরেক ভুক্তভোগী যাত্রী ফারুক ফকির জানান,হালুয়াঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে সড়ক ভাঙার কারণে মাঝপথে আটকে গেছি। এখন বাধ্য হয়ে দীর্ঘ বিকল্প পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এটি একটি অত্যন্ত ব্যস্ততম সড়ক হওয়ায় দ্রুত এটি মেরামত করা জরুরি।”
সার্বিক বিষয়ে হালুয়াঘাট উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রউফ জানান, বিষয়টি সম্পর্কে তিনি ইতোমধ্যে অবগত হয়েছেন। ভেঙে যাওয়া স্থান পরিদর্শনের জন্য তাঁর দপ্তরের কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
দ্রুত সড়কটি সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।