সাইদ মৃধা ,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দুরা এলাকার একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ উঠেছে। ওই হোটেলটি বাবুল ও শাজাহান ওরফে মিজান পরিচালনা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় হোটেলটি বন্ধের দাবিতে গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে একটি মানবাধিকার সংস্থা।
লিখিত অভিযোগে বলা হয়, চান্দুরা এলাকার ওই আবাসিক হোটেলটিতে প্রকাশ্যে মাদক সেবন, মাদক বেচাকেনা ও অসামাজিক কার্যকলাপ চলছে। এতে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে চরম উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। হোটেলটির কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অবিলম্বে ওই হোটেলে অভিযান চালিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করা এবং জড়িত বাবুল ও শাজাহান ওরফে মিজানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আমরা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আশা করি জেলা প্রশাসন ও পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।