ময়মনসিংহের হালুয়াঘাটে ভুয়া এসআই পরিচয়ে মাদক সেবন: দুইজনের কারাদণ্ড

​এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

​ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নে নিজেদের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে মাদক সেবনের সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় বিলডোরা এলাকায় এ ঘটনা ঘটে।
​আটককৃতরা হলেন— ফুলপুর উপজেলার বাতিকুড়া গ্রামের আব্দুর রউফের ছেলে মোহাম্মদ দেলোয়ার এবং শাকুয়াই ইউনিয়নের জয়নাটি গ্রামের মোহাম্মদ সালাম মিয়ার পুত্র মোহাম্মদ নয়ন মিয়া।
​স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা বিলডোরা এলাকায় মাদক সেবনের সময় স্থানীয়দের সন্দেহের মুখে পড়েন। নিজেদের অপরাধ লুকাতে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে তারা নিজেদের পুলিশের এসআই হিসেবে পরিচয় দেন। তবে স্থানীয়দের সন্দেহ তীব্র হলে তারা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
​সংবাদ পেয়ে হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্তদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
​ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি মাদক ক্রয় ও সেবনের দায়ে দুইজনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
​অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইনের আওতায় তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *