দেওয়ানগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় অভিযোগ

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে। আহত ওই সাংবাদিকের নাম হৃদয় হোসেন। তিনি ‘বাংলাদেশ ক্রাইম ২৪’-এর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

​অভিযুক্ত রাশেদুল ইসলাম ফক্কর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

​প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার খরমা বাজার এতিমখানা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সাংবাদিক হৃদয় হোসেন পেশাগত কাজ শেষে ওই পথ দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত রাশেদুল ইসলাম ফক্কর দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

​হামলাকারী হৃদয় হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের আঘাত লাগে। একপর্যায়ে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারী ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

​এ ঘটনায় আক্রান্ত সাংবাদিক হৃদয় হোসেন বাদী হয়ে অভিযুক্ত রাশেদুল ইসলাম ফক্করকে বিবাদী করে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *