রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে মাদক সম্রাট, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল রোববার (২১ জুন) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠন রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় (২৯) এবং রাঙামাটি পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কালাম (৬১)।

এছাড়া চুরির অভিযোগে মো. সোহেল (২৭) এবং মাদক মামলার পলাতক আসামি হিসেবে পরিচিত সজল দাশ (৩৩) গ্রেফতার হন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী সজল দাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া দুটি মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামিকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই অভিযানে অনিক (২০) নামের এক যুবককে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মিরাজ (২৭), আজিজুল ইসলাম নাহিদ (২৮), আলভী জাবরান তানহা (৩৪) এবং মজিদ (২৪) নামে আরও চারজনকে আটক করা হয়েছে।

কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *