চোরাই গাড়ী ২০ হাজারে বিক্রির চেষ্টা, ইসলামপুরে আটকের পর মাদারগঞ্জ থানা হেফাজতে কিশোর

মোহাম্মদ আলী জিন্নাহ
মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ভোরে মাহিন্দ্র ট্রাক্টর চুরির পর মোটরসাইকেল চুরি করে পালানোর অভিযোগ উঠেছে তামিম নামে এক কিশোরের বিরুদ্ধে। পরে চোরাই মোটরসাইকেল ইসলামপুরে মাত্র ২০ হাজার টাকায় বিক্রির চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে ইসলামপুর থানা পুলিশ তাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক তামিম মাদারগঞ্জ উপজেলার আটাত্তর চর এলাকার সুজন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে তামিম মাদারগঞ্জের মিলনবাজার থেকে বডিসহ একটি সোনালিকা ব্র্যান্ডের মাহিন্দ্র ট্রাক্টর চুরি করে নিয়ে যায়। পরে জোড়খালী ইউনিয়নের বারইপাড়া চৌরাস্তা মোড়ে ট্রাক্টরটির তেল শেষ হয়ে গেলে সে পথিমধ্যে কর্ণিবাড়ী ইউনিয়নের ছোঁনপচা চরের লিটন বেপারীর সঙ্গে দেখা করে।

এ সময় লিটনের মোটরসাইকেলে চড়ে তার ভায়রার বাড়ি পর্যন্ত যায় তামিম। পরে তাকে মোটরসাইকেলে করে বটতলায় নামিয়ে দেওয়ার অনুরোধ জানায়। মানবিক কারণে লিটন তার ছোট ভাতিজাকে মোটরসাইকেল দিয়ে তামিমকে বটতলায় নামিয়ে দিতে বলেন।

কিন্তু পথিমধ্যে তামিম লিটনের ভাতিজাকে ধাক্কা দিয়ে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে লিটনের ভাতিজা কান্নাকাটি করে বাড়িতে এসে বিষয়টি জানালে তিনি চৌরাস্তা মোড়ে গিয়ে দেখতে পান, সেখানে রাখা মাহিন্দ্র ট্রাক্টরটির বডি নেই।

খবর পেয়ে ট্রাক্টরের মালিক ঘটনাস্থলে গিয়ে বডিবিহীন মাহিন্দ্র ট্রাক্টরটি উদ্ধার করে মিলনবাজারে নিয়ে আসেন।

এদিকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে তামিম ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা চরের নদীর পাশের বেড়িবাঁধ এলাকায় যায়। সেখানে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি স্থানীয় এক ব্যক্তির কাছে মাত্র ২০ হাজার টাকায় বিক্রির চেষ্টা করে। এ সময় তার আচরণ ও মোটরসাইকেল বিক্রির অস্বাভাবিক দাম দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে স্থানীয়রা তামিমকে আটক করে ইসলামপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

বর্তমানে তামিম মাদারগঞ্জ মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায় জানান চোর থানা হেফাজতে, মাহিন্দ্রগাড়ী ও মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *