সামিয়া সুলতানা সাবনম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘Outcome-Based Education: Curriculum Design & Implementation for the Faculty of Arts’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬, বুধবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সিলেবাস একাধিকবার পরিবর্তিত হয়ে বর্তমানে সৃজনশীল পদ্ধতি চালু রয়েছে। কিন্তু উচ্চশিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন একই সিলেবাসে পাঠদান অব্যাহত ছিল। সম্প্রতি সরকার উচ্চশিক্ষা পর্যায়েও যুগের সাথে তাল মিলিয়ে সিলেবাস পরিবর্তনে গুরুত্ব দিয়েছে। তাই উচ্চ শিক্ষায় আউটকাম বেজ্ড এডুকেশন (ওবিই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী বছরের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ওবিই কারিকুলাম চালু করা হবে। ওবিই কারিকুলামের মূল বিষয় হলো গতানুগতিক শিক্ষা পদ্ধতির পরিবর্তে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা। এখানে শিক্ষার্থীরা তাদের সিলেবাসের প্রতিটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা পায়। শিক্ষার্থীদের পরিপূর্ণ জ্ঞানদানের লক্ষ্যেই ওবিই কারিকুলাম ব্যবস্থা চালু করা হচ্ছে। অর্থাৎ যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করে শিক্ষার্থীদেরও যুগোপযোগী করে গড়ে তোলাই ওবিই কারিকুলামের লক্ষ্য।”কর্মশালায় উপস্থিত শিক্ষকগণের দৃষ্টি আকর্ষণ করে উপাচার্য বলেন, ‘’শিক্ষার কোন বয়স নেই, আপনারা এই প্রশিক্ষণ কর্মসূচি হতে নতুন জ্ঞানার্জন করে তা শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিবেন। আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে।’’কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর আইকিউএসির পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান।বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা। এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ কলা অনুষদের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।