মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা পল্টনে লগি-বৈঠার তান্ডবে নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সদর ও শহর শাখার নেতৃবৃন্দ।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের পিটিআই মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামী শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী।প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক জামালী বলেন, ২০০৬ সালে এই দিনে নিরস্ত্র নিরীহ জামাত-শিবির কর্মীদের উপর আওয়ামী হায়নাদের লগি-বৈঠার বর্বর তান্ডব মানবতার ইতিহাসকে কলঙ্কিত করেছে।তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। শহীদদের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। জাতীয় স্বার্থে মামলাটি পুনরুজ্জীবিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই।জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারী আব্দুর রহমান ওমরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম নোমান, শহর শাখার নায়েবে আমীর নাজমুল হক মাসুদ, ইসলামী ছাত্রশিবির আশেক মাহমুদ কলেজের সভাপতি জামাল হোসেন প্রমুখ।বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা, সদর ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।