দেওয়ানগঞ্জে ৩৮ হাজার টাকার নকল সিগারেট জব্দ, আটক ১

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১৭৫ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ২৮০ টাকা। এ ঘটনায় সামিউল আলম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মলয় চক্রবর্তী উপজেলার ডালবাড়ি তেঁতুলতলা মোড়ের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর অভিযান চালান। এ সময় সামিউল আলমের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।

জব্দ করা সিগারেটের মধ্যে রয়েছে নকল স্টার ব্র্যান্ডের ১৫৮ প্যাকেট, যার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৬০০ টাকা। এ ছাড়া নকল বেনসন ব্র্যান্ডের ১৩ প্যাকেট, যার মূল্য ৫ হাজার ৭২০ টাকা এবং নকল লাকি স্টিক ব্র্যান্ডের চার প্যাকেট, যার মূল্য ৯৬০ টাকা। সব মিলিয়ে ১৭৫ প্যাকেট সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ২৮০ টাকা।

আটক সামিউল আলম জামালপুর জেলার চিথলিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মোজাম্মেল হক।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে। মামলার প্রয়োজনীয় কাগজপত্র আদালতে পাঠিয়েছে দেওয়ানগঞ্জ থানা-পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন নকল সিগারেটের উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণের সঙ্গে আর কেউ জড়িত আছেন কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *