শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যােগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এই শ্রমিক সমাবেশ।

৯ অক্টোবর শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আরজু মিয়া’র সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আইনজীবী মো. আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, যাতে আমরা শ্রমিক অধিকার নিয়ে কথা বলতে না পারি, সেই গণতান্ত্রিক অধিকারটুকু তখন আমাদের ছিনিয়ে নেওয়া হয়েছিল। যারই ফলশ্রুতিতে বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে। এদেশের সকল মানুষ সেই বিপ্লবের পক্ষে রাস্তায় নেমেছে এবং চব্বিশের পাঁচই আগস্ট সেই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। বলা যায়, তারপর থেকে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা খেয়াল করেছি। প্রত্যেক দল তার অবস্থান থেকে তারা দলীয় কার্যকলাপ পরিচালনা করার সুযোগ পাচ্ছে। যিনি যে চিন্তার হন, যিনি যে মতের হন, একটা গণতান্ত্রিক দেশে সবার যে সুযোগ থাকার কথা, এখনো আমরা মনে করি, সেই সুযোগটি আমাদের অব্যাহত আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমজীবী মানুষের কল্যাণে, অধিকার প্রতিষ্ঠায় আমরা যথাযথ ভূমিকা পালন করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের এই পথ কখনো শুভকর ছিল না। শুধু একটা আদর্শভিত্তিক শ্রমিক সংগঠন হওয়ার কারণে, আমরা কথা বলার কারণে, আমরা বৈষম্য মুক্ত হওয়ার কথা বলার কারণে, আমরা শ্রমিকের ন্যায্য পাওনা শ্রমিকদেরকে দেওয়ার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের সংগ্রামকে সামনে রেখে ভূমিকা পালন করার কারণে, বিগত কোনো সরকারের সময়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে তার সঠিকভাবে ভূমিকা পালন করতে দেওয়া হয় নাই।

তিনি বলেন, দীর্ঘ প্রায় পঞ্চান্ন বছর সময় আমরা পার করেছি। অনেক সরকার এসেছে গিয়েছে। কিন্তু এদেশের শ্রমিকের ভাগ্যের কোন পরিবর্তন হয়েছে? এদেশের শ্রমিকরা এখনো ন্যায্য মজুরি পায়? এদেশের শ্রমিকরা কর্মস্থলে নিরাপদ থাকার কথা ছিল, কর্মস্থলকে আমরা নিরাপদ পাচ্ছি? যখন তখন বিল্ডিং ধসে পড়ে। কারখানায় আগুন লাগে। আর সেখানে এদেশের নিরীহ শ্রমিকদেরকে প্রতিনিয়ত জীবন দিতে হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সিদ্দিকী’র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মুহাম্মদ ছামিউল হক ফারুকী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উপদেষ্টা আইনজীবী আব্দুল আওয়াল, উপদেষ্টা আইনজীবী মো. মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব প্রমুখ।

সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *