ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু হানিফ (৩৯) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ।
রোববার রাতে উপজেলার পশ্চিম দত্তেরচর এলাকায় আনিছ মিয়ার মুদি দোকানের সামনে এ অভিযান চালানো হয়। আটক আবু হানিফ উপজেলার রামরামপুর পানাতিপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ পুলিশের একটি দল পশ্চিম দত্তেরচর এলাকায় অভিযান চালায়। এ সময় আনিছ মিয়ার মুদি দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় আবু হানিফকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আবু হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে জামালপুর জেলা আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০০ পিস ইয়াবাসহ আবু হানিফকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।