জামালপুরে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন

মোঃ আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুরে বিয়ে না দেওয়ার আক্রোশ পুষে রেখে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণ করার ঘটনায় আল-আমীন (৩৮) ও সাইদুর রহমান (৪১) নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আল-আমীনকে ৩ লাখ ও সাইদুরকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের সমুদয় টাকা পাবেন ভুক্তভোগী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত আল-আমিন পৌরসভার বানিয়া বাজার এলাকার আব্দুল আজিজের ছেলে এবং সাইদুর রহমান বারুয়ামারী এলাকার আশরাফ আলীর ছেলে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ভুক্তভোগী ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন আল-আমীন। ভুক্তভোগীর বাবা তার কাছে বিয়ে না দিয়ে তাকে অন্যত্র বিয়ে দেন। সেখানে ঘরসংসার করছিলেন ওই নারী। সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। ওই নারীকে অন্যত্র বিয়ে দেওয়ায় আক্রোশ পুষে রাখেন আল-আমীন। নানা কৌশলে ওই নারীর সংসার ভাঙার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ওই নারী সন্তানসহ বাবার বাড়ি বেড়াতে আসেন। বাবার বাড়ি অবস্থান করার সময় ২০১৩ সালের ২৩ নভেম্বর সকালে ওই নারীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেন আল-আমীন। তার এ কাজে সহযোগিতা করেন সাইদুর রহমান।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে একই বছরের ২৮ নভেম্বর জামালপুর সদর থানায় একটি মামলা করেন। মামলায় দুই আসামি আল-আমীন ও সাইদুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *