মোঃ আলমগীর, জামালপুর প্রতিনিধি
জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে মশারি বিতরণ করেছেন পৌরসভার মেয়র প্রার্থী জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য মশারি সরবরাহ না থাকায় ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গু আক্রান্ত সব রোগীকে একটি করে মশারি দেন ওই নেতা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সকল রোগীদের হাতে মশারি তুলে দেন তিনি।
মশারি বিতরণকালে জেলা যুবদলের সদস্য মো. ইমরান কায়ছার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মশারি বিতরণ শেষে সোহেল রানা খান বলেন, ডেঙ্গু জ্বরে যেন আমাদের জামালপুরবাসী আক্রান্ত না হয়, সেটি আমরা চেষ্টা করছি। আমি আমার দলীয় সকল নেতাকর্মীদের অনুরোধ করব, আপনারা আপনাদের স্ব-স্ব এলাকায় যে ময়লা-আবর্জনা রয়েছে সেগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন এবং জনগণের পাশে দাঁড়াবেন। জনগণ যেন এই ডেঙ্গু মশা থেকে এবং ডেঙ্গুবাহিত রোগ থেকে বাঁচতে পারেন। সে নির্দেশনা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। তাই নির্দেশনা অনুযায়ী আপনারা সকলেই জনগণের পাশে থাকবেন। জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, আজকে আমরা এখানে এসেছিলাম ডেঙ্গু রোগী যারা রয়েছে তাদেরকে মশারি দেওয়ার জন্য। সকল ডেঙ্গুর রোগীদেরকে আমরা মশারি দিয়েছি। আরও যত মশারি অবশিষ্ট ছিল সেসব আমরা হাসপাতাল কর্তৃপক্ষের নার্সদের কাছে দিয়ে এসেছি আরও ডেঙ্গু রোগী এলে যাতে তারা মশারিগুলো পান। হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশার কামড় থেকে সুরক্ষা এবং ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সহায়তার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।