মোঃ আলমগীর প্রতিনিধি, জামালপুর
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন টিম সরিষাবাড়ী উপজেলা একাদশের ফুটবলারদের হাতে গোল্ডকাপ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, সরিষাবাড়ী ও মেলান্দহ আপনাদের প্রতি অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে সকল দর্শকদের আমাদের দল থেকে অনেক ধন্যবাদ। উল্লেখ্যযোগ্য একটা খেলা হল। আমি একটা কথা বলার জন্য আসছি।১৯৯১ সন থেকে আজ পর্যন্ত এখানে কোন স্পোর্টস মিনিস্টার এসে নিজে খেলা উপভোগ করে নাই এবং কোন রকমের প্রাইস ডিস্ট্রিবিউশন করে নাই। এইটা আপনাদের জন্য সৌভাগ্য।
তিনি আরও বলেন, আমি আশা করি এই খেলার মাধ্যমে আমাদের জামালপুরের মানুষ যুক্ত হবে। জাতীয় প্রচেষ্টায় সারা বাংলাদেশে মাদক মুক্ত করার জন্য খেলার বিকল্প নাই। প্রত্যেক ধরনের খেলা তিনি ইন্ট্রুডিউস করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি যাতে করে সারা বাংলাদেশে তিনি তার সুনাম অক্ষুন্ন রাখতে পারেন।
এ সময় জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১৩ সেপ্টেম্বর বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ফাইনাল খেলায় অংশ নেয় মেলান্দহ উপজেলা একাদশ বনাম সরিষাবাড়ী উপজেলা একাদশ। নির্ধারিত সময়ে ম্যাচটি ০-০ গোলে ড্র হয়।
পরে টাইব্রেকারে ৪-২ গোলে মেলান্দহ উপজেলা একাদশকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গোল্ডকাপ ট্রফি অর্জন করেন সরিষাবাড়ী উপজেলা একাদশ। টুর্নামেন্টের রানার্সআপ ট্রফি অর্জন করেন মেলান্দহ উপজেলা একাদশ। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন টিমের গোলকিপার এজে মাহিন রানা। অগণিত দর্শক এই ফুটবল খেলাটি উপভোগ করেন। গোটা স্টেডিয়াম ছিল দর্শকদের উল্লাসে মুখরিত।