ইসলামপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ২: থানায় লিখিত অভিযোগ

​রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় নারীসহ অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের সময় স্বর্ণের চেইন ছিনতাই ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠে এসেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ ও স্থান সূত্রে জানা যায়,উপজেলার নোয়ারপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ রানু বেগম ও তাঁর পরিবারের সাথে বিবাদীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১সেপ্টেম্বর বিকেলে নোয়ারপাড়া মৌজাস্থ পৈত্রিক সূত্রে প্রাপ্ত একটি জমিতে ঘর নির্মাণ ও জবরদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের সূত্রপাত হয়।

​অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিপক্ষের লোকেরা রামদা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রানু বেগম ও মামলার সাক্ষীরা গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় রানু বেগমের গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং তাঁকে প্রাণনাশের চেষ্টা চালায় বলে বাদী অভিযোগে দাবি করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

​বর্তমানে এ ঘটনায় আইনি প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে রানু বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানায়,লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *