ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি
প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিসেসের মাধ্যমে কিশোর অপরাধ ও কিশোর গ্যাং উপদ্রব নিয়ন্ত্রণে নৈতিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষে বরগুনায় দিনব্যাপী সেশন, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রবেশন কার্যালয়, বরগুনার যৌথ আয়োজনে এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, বরগুনার সহযোগিতায় বরগুনা জিলা স্কুল হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পিপিএম-সেবা) জনাব মোঃ কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস। বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস.এম. শাহজাদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বক্তারা বলেন, কিশোরদের সঠিক পথে পরিচালনা করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড ও গ্যাং সংস্কৃতি থেকে দূরে রাখতে পারিবারিক সচেতনতা ও সামাজিক নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। আলোচনা সভা শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সমাজসেবা কার্যালয় ও বরগুনা জেলা স্কুলের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।