মো. শওকত আলী, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মেলান্দহ উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপি, মেলান্দহ পৌর বিএনপি ও হাজরাবাড়ী পৌর বিএনপির যৌথ উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি মেলান্দহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়া বক্তব্য দেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, মেলান্দহ পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল এমপি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে অংশ নেওয়া নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদার এবং জামালপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শাহ মোহাম্মদ খাইরুল বাশার-চিশতী-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণেই বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। তাঁর বক্তব্যে তিনি ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, জনগণের সমর্থনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। নির্বাচন-পূর্ব ঘোষিত বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও তিনি দাবি করেন।
বাবুল এমপি আরও বলেন, ১৯৯০-এর গণআন্দোলন ও ২০২৪ সালের গণআন্দোলনসহ বিভিন্ন সময়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। গত ১৭ বছর ধরে মামলা, হামলা, নির্যাতন ও নানা প্রতিকূলতা মোকাবিলা করেও যারা দলের সঙ্গে ছিলেন, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অতীতে যারা নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করেছে এবং দেশের অর্থ বিদেশে পাচার করেছে বলে বিএনপি অভিযোগ করে আসছে, তারা ভবিষ্যতে নানা ষড়যন্ত্র করতে পারে। তাই দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হেলাল আকন্দ, আলী আকবর কমিশনারসহ উপজেলা, পৌর ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে মেলান্দহে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।