ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর বাহাদুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. বাদশা মিয়ার বিরুদ্ধে করা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিদ্যালয় মাঠে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিধি অনুযায়ী ভোটের মাধ্যমে মো. বাদশা মিয়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। কিন্তু নির্বাচনে পরাজিত প্রার্থী আব্দুল মালেক গত ২৫ আগস্ট বাদশা মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করেন। ওই মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ম্যানেজিং কমিটি অনুমোদনের অভিযোগ তোলা হয়।
পাল্টা মানববন্ধনে বক্তারা এসব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তাঁদের ভাষ্য, নির্বাচনের মাধ্যমে একটি বৈধ প্রক্রিয়ায় কমিটি গঠিত হয়েছে। এরপরও ব্যক্তিগত বিরোধ বা নির্বাচনে পরাজয়ের কারণে নবগঠিত কমিটিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো যেতে পারে। কিন্তু প্রমাণ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে নানা অভিযোগ তুলে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা অনাকাঙ্ক্ষিত। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে এমন বিরোধ কাম্য নয়। বিদ্যালয়ের স্বার্থে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভিত্তিহীন অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কমিটিকে বিতর্কিত করার চেষ্টা বন্ধ করার আহ্বান জানান তাঁরা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বাদশা মিয়া বলেন, ‘আমি নির্বাচনের মাধ্যমে বিধি অনুযায়ী সভাপতি নির্বাচিত হয়েছি। নির্বাচনে পরাজিত হওয়ার পর আব্দুল মালেক কমিটিকে বিতর্কিত করতে আমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন। ওই মানববন্ধনে আমার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো সত্য নয়। প্রকৃত ঘটনা এলাকাবাসীর সামনে তুলে ধরতেই তাঁরা পাল্টা মানববন্ধনের আয়োজন করেছেন।’
মানববন্ধনে বক্তারা নবগঠিত ম্যানেজিং কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সুযোগ দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন।
কর্মসূচিতে আব্দুল জব্বার আলী, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, গোলাম আজমসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।