মো: শওকত আলী,স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মঞ্জু মাদকের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান-মেম্বার, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে পিকআপ ও অটোরিকশাযোগে র্যালি এবং মানববন্ধনের আয়োজন করা যেতে পারে। তিনি স্পষ্টভাবে বলেন, মাদকসংক্রান্ত কোনো বিষয়ে তিনি বা তার দল কোনো তদবির করবেন না।
তিনি একই সঙ্গে আসন্ন সেচ মৌসুমে কৃষকরা যাতে প্রয়োজনীয় সব ধরনের সার যথাসময়ে পান, সে বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন এবং স্থানীয় ডিলারদের গুরুত্ব দিয়ে সুষ্ঠু সার বিতরণের আহ্বান জানান।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান বলেন, মাদক ও চুরির বিরুদ্ধে তিনি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছেন। মাদক ও চুরির পক্ষে কোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণ করা হবে না। তিনি মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় নিয়মিত মোটিভেশনাল আলোচনা আয়োজনের আহ্বান জানান।
ওসি আরও জানান, প্রতিদিন থানায় গড়ে প্রায় ৫০টির মতো অভিযোগ আসে। জমিজমা ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে হয়রানি এড়াতে তিনি জনগণকে লিগ্যাল এইডের মাধ্যমে বিনা খরচে দ্রুত আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেন।
মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কারী হামিদুল হক বলেন, স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ থেকে উত্তরণে পরিবার ও সমাজের সম্মিলিতভাবে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সাংবাদিক শাহ জামাল আসন্ন শীত মৌসুমে যাতে অবৈধ ইটভাটা গড়ে উঠতে না পারে, সেজন্য প্রশাসনের প্রতি কঠোর নজরদারির আহ্বান জানান। পাশাপাশি বাজারে নিম্নমানের বা নকল তেল বিক্রির অভিযোগ তদন্তের দাবি জানান। সন্ধ্যার পর অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিও তিনি সভায় তুলে ধরেন।
সাংবাদিক শাহজাহান বলেন, সরেজমিন তদন্ত ছাড়া ভূমির নামজারি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরেজমিন তদন্তের মাধ্যমে ভূমির নামজারি নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কবির শ্যামল তালুকদার, ও ৪ নং নাৎলা ইউনিয়নের চেয়ারম্যান কিসমত পাশা। উক্ত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান-মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।