মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে মাদারগঞ্জ উপজেলা একাদশ ১-০ গোলে পরাজিত করেছে জামালপুর সদর উপজেলা একাদশকে।
২৩ আগস্ট রবিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে স্মারক বেলুন উড়িয়ে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খেলার উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা এই আয়োজনটি আমরা মনে করি যে একটি সুন্দর আয়োজনে মধ্যে দিয়ে একটি সুন্দর পরিসমাপ্তি দিকে আমরা এই টুর্নামেন্টে যাব আরকি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই দেশটিকে সুন্দর জনকল্যাণে শান্তিপূর্ণ দেশে রুপান্তর করার জন্য শিক্ষা সংস্কৃতিসহ যে পদক্ষেপগুলি দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই ক্রীড়াকে সচল করা।
তিনি আরও বলেন, আমি এর আগে একটি অনুষ্ঠানে বলেছিলেন যে, বিএনপি ক্ষমতায় আসার অনেক আগে যখন আজকের প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থান করতে তখন সিআইপিতে একটি ওনার সাথে আমার রাজনৈতিক একটি বৈঠকে ওনি বলেছিলেন, মামুন আল্লাহ যদি কখনো তৌফিক দেন এবং বাংলাদেশের দায়িত্বভার আমরা পাই সারাবছর এই খেলার মাঠকে সচল রাখবো। তো ওনি কিন্তু ইতিমধ্যেই সেই উদ্যোগ নিয়েছেন।
ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা সেই উদ্যোগের অংশ হিসাবে এই জামালপুরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। আপনারা জানেন যে অল্প কিছুদিনের মধ্যে জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে প্রস্তুতির কথা বলেছেন যে স্কুল পর্যায়ে প্রধানমন্ত্রী গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপরে জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জেলার লিগ খেলাটা আনুষ্ঠানিকভাবে শুরু করার উদ্যোগ গ্রহণ করছি।
তিনি বলেন, আমরা সারাবছর খেলাকে সচল রাখার মধ্যদিয়ে আগামী দিনের প্রজন্মকে আমরা সুস্থ মানসিকতা একটি জাতি হিসাবে গড়ে তোলার পদক্ষেপ নিতে চাই। আসলে একটি সুন্দর টুর্নামেন্টের সুন্দর পরিসমাপ্তি থেকে আরেকটি টুর্নামেন্টের জন্ম হয়। আমরা বিশ্বাস করি একটি সুন্দর খেলা সকল দর্শকের প্রত্যাশা পূরণে একটি সুন্দর খেলা উপহার দিব। সুন্দর খেলা উপহার দেওয়ার মধ্যদিয়ে আমরা জয়-পরাজয় নিশ্চিত করতে চাই।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবলু,
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বীন রশিদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ ইয়াহিয়া আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও মিডিয়া উপকমিটি আহবায়ক মোস্তাফিজুর রহমান আরমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, শফিউর রহমান শফি, জিল্লুর রহমান তরফদার, যুগ্ম-সম্পাদক শাখাওয়াত হোসেন টুটুল, নির্বাহী সদস্য আব্দুল্লাহ মোর্শেদ, সদস্য মিজানুর রহমান মিজান, নূরুল মোমেন আকন্দ কাওছার, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত রহমান শিশির প্রমুখ।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জামালপুর পৌরসভা একাদশসহ জেলার সাতটি উপজেলা একাদশ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাইদুর রহমান পল।